নিউজ প্রবাসী ডেস্ক:

সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান মারা গেছেন। শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিজ বাসায় হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হলে মুহম্মদ শফিকুর রহমানকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৬-১৭ ও ২০১৭-১৮ মেয়াদে পরপর দুইবার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হন। সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি।

মুহম্মদ শফিকুর রহমান ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালের ৩ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৬ আগস্ট পর্যন্ত তিনি জাতীয় সংসদে ফরিদগঞ্জের প্রতিনিধিত্ব করেন।

১৯৪৯ সালের ২৫ সেপ্টেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মিয়াজী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা মৌলভী আবদুল হামিদ এবং মা আয়েশা খাতুন।

শিক্ষাজীবনে তিনি ১৯৬৫ সালে ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসা থেকে কামিল (হাদিস) ডিগ্রি অর্জন করেন। ১৯৬৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে ভর্তি হন। সেখান থেকে ১৯৭০ সালে স্নাতক এবং ১৯৭১ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিকতা ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts