নিউজ প্রবাসী ডেস্ক:

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৫ জনের শরীরে হাম অথবা এ রোগের উপসর্গ শনাক্ত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগের তিনজন, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুজন করে এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৫১ জনের। অন্যদিকে, ১ হাজার ১৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২২। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১১৮ জনের।

একই সময়ে দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৩২৪ জনে পৌঁছেছে। এ ছাড়া ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬০৫ জন।

এর আগের দিন, শুক্রবার হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। ওই দিন নতুন করে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছিল ১ হাজার ১৩৫ জনের।

পরপর দুই দিনে শিশুদের মৃত্যুর ঘটনা এবং নতুন রোগী শনাক্তের সংখ্যা দেশের হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts