নিউজ প্রবাসী ডেক্স :
ফুটবল বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোলবন্যার এক রোমাঞ্চকর লড়াইয়ে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে ইংল্যান্ড। ১০ গোলের এই ম্যাচে গড়ে উঠেছে একাধিক নতুন রেকর্ড ও ইতিহাস।
ম্যাচে গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ২২-এ উন্নীত করেছেন কিলিয়ান এমবাপে। এর মধ্য দিয়ে তিনি ২১ গোল করা লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে এসেছেন। চলতি আসরে ১০ গোল করে গোল্ডেন বুটের দৌড়েও শীর্ষে রয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড।
অন্যদিকে, জুড বেলিংহ্যাম বিশ্বকাপের এক আসরে ৭ গোল করে ইংল্যান্ডের নতুন রেকর্ড গড়েছেন। বুকায়ো সাকা হ্যাটট্রিক করে বিশ্বকাপে ইংল্যান্ডের চতুর্থ খেলোয়াড় হিসেবে এই কীর্তি অর্জন করেন।
মাইকেল ওলিসে ৭টি অ্যাসিস্ট করে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন। তিনি ব্রাজিল কিংবদন্তি পেলের ৬ অ্যাসিস্টের রেকর্ড ভেঙেছেন। ওলিসের পাস থেকেই এমবাপে পাঁচটি গোল করেছেন, যা বিশ্বকাপের এক আসরে একজন খেলোয়াড়ের আরেকজনকে সর্বোচ্চ গোল করানোর নতুন নজির।
এটি ছিল বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সর্বোচ্চ ১০ গোলের রেকর্ড। একই সঙ্গে ১৯৬৬ সালে শিরোপা জয়ের পর এবারই প্রথমবার বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করল ইংল্যান্ড।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ১০৩ ম্যাচে ৩০৭টি গোল হয়েছে। ম্যাচপ্রতি গোলের গড় ২.৯৮, যা ১৯৫৮ সালের পর বিশ্বকাপে সর্বোচ্চ।