নিউজ প্রবাসী ডেক্স :
: ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসমাপ্ত ভাস্কর্যটি আবারও অপসারণের কাজ শুরু হয়েছে। তবে কারা বা কোন কর্তৃপক্ষ এই কাজ করছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
শুক্রবার শহরের প্রবেশমুখে অবস্থিত ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর’-এ গিয়ে দেখা যায়, কয়েকজন শ্রমিক ভাস্কর্যের বেদীর অংশ ভেঙে পিকআপ ভ্যানে তুলছেন। যদিও উপরের কাঠামো তখনও অক্ষত ছিল।
জানা যায়, ২০১২ সালে তৎকালীন পৌর মেয়রের উদ্যোগে প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে চত্বরটি নির্মাণের প্রকল্প নেওয়া হয়। ২০১৬ সালে আংশিক কাজ হলেও ভাস্কর্যটি শেষ পর্যন্ত সম্পন্ন হয়নি এবং উদ্বোধনও করা হয়নি। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর এটি ভাঙচুরের শিকার হয়।
ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথীন্দ্র নাথ রায় জানান, বর্তমানে কারা ভাঙার কাজ করছে সে বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। এ প্রকল্পের সংশ্লিষ্ট নথিও তিনি দেখেননি বলে জানান।
জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, বিভিন্ন সভায় ক্ষতিগ্রস্ত ও পরিত্যক্ত ভাস্কর্যের অংশ সরিয়ে অন্য উপযুক্ত স্থানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নতুন ভাস্কর্য স্থাপনের প্রস্তাব এসেছে। বিষয়টি নিয়ে পরিকল্পনা করা হচ্ছে।
এদিকে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার কামালুজ্জামান জানান, বিষয়টি নিয়ে মুক্তিযোদ্ধারা শিগগিরই বৈঠক করবেন এবং পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, ঝিনাইদহের মহেশপুর উপজেলার সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ধলাই সীমান্তে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহীদ হন। অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ তিনি দেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ লাভ করেন।