গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সহিংসতার ঘটনায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে পাটগাতীতে অবস্থিত তাঁর বাড়িতে আগুন দেওয়া হয়।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় থানায় আটক থাকা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়া হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার পর উপজেলার বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়।
একপর্যায়ে গ্রেপ্তার ব্যক্তিদের ছাড়িয়ে নিতে বিক্ষুব্ধ লোকজন থানার দিকে অগ্রসর হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পরে থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সময় আটক নেতাকর্মীদের ছাড়িয়ে নেওয়ার ঘটনা ঘটে।
পরবর্তী সময়ে রাত ৯টার দিকে সংসদ সদস্য এসএম জিলানীর পৈতৃক বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায় নি।