জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে কিশোর আবদুল মোতালেব হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক সুজন হক সাঈদ খোকনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আবু সাঈদ সাগর রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে সাঈদ খোকনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। বৈষম্যবিরোধী আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগান দেওয়ার পাশাপাশি তাঁর নির্দেশনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছিলেন বলে আবেদনে অভিযোগ করা হয়। এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং অন্য জড়িতদের শনাক্ত করতে তাঁকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে অংশ নেওয়া কিশোর আবদুল মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ তালিকায় সাঈদ খোকনের নামও রয়েছে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সাঈদ খোকন অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে। ২০১৫ সালে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।