নিউজ প্রবাসী ডেস্ক :

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে বলে দাবি করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তাঁর ভাষ্য, দলটির বিরুদ্ধে আনা এ-সংক্রান্ত অভিযোগের চার্জ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট আসামিদের সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার (২২ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গাজী এম এইচ তামিম জানান, আওয়ামী লীগের কয়েকজন নেতার বিচারের জন্য দায়ের করা একটি মামলায় দলটি সন্ত্রাসী সংগঠন কি না, সে বিষয়েও অভিযোগ আনা হয়েছিল। বিচারিক প্রক্রিয়ায় ওই অভিযোগ প্রমাণিত হয়েছে এবং আসামিদের দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রসিকিউশনের দৃষ্টিতে ওই রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে যেসব কর্মকাণ্ড দেখা যাচ্ছে, সেগুলোর সঙ্গেও ওই রায়ের বিষয়বস্তুর মিল রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখের বিষয়টি সামনে রেখে পরবর্তী সময়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে কি না, জানতে চান সাংবাদিকেরা।

জবাবে প্রসিকিউটর তামিম বলেন, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

তিনি আরও জানান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের মামলায় দলটির বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন-সংক্রান্ত অভিযোগে চার্জ গঠন করা হয়েছিল। বিচার শেষে সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট আসামিরা সাজা পেয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts