নিউজ প্রবাসী ডেস্ক
আওয়ামী লীগের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর পদক্ষেপ না নেওয়ার পেছনে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের রাজনৈতিক কৌশল কাজ করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং দ্য ডেইলি ওয়াদারের সম্পাদক শফিকুল আলম। তাঁর দাবি, সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে আওয়ামী লীগ নিজেরাই ওই কৌশলের ফাঁদে পড়েছে।
রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। শফিকুল আলমের মতে, আওয়ামী লীগের নেতাকর্মীদের সাম্প্রতিক সহিংসতা দেখে অনেকের কাছে সরকারের দুর্বলতা কিংবা দলটির রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা মনে হলেও বাস্তবে পরিস্থিতি ভিন্ন। তাঁর ভাষায়, এটি ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক কৌশল, যার ফলে আওয়ামী লীগ আরও চাপে পড়েছে।
ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির সংসদ সদস্যদের বাড়ি ও বিভিন্ন স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ এবং থানায় আগুন দেওয়ার মতো ঘটনায় জড়িত। এমনকি বাসযাত্রীদের পোশাক ও ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে রাজনৈতিক আনুগত্য যাচাইয়ের ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।
শফিকুল আলমের দাবি, গোপালগঞ্জে সহিংসতায় পাঁচজনের মৃত্যু, বাসে আগুন এবং পেট্রোলবোমা ও ককটেল হামলার মতো ঘটনা আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানকে আরও দুর্বল করেছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দলটি জনগণের সমর্থন অর্জনের পরিবর্তে নিজেদের রাজনৈতিক সংকট বাড়িয়েছে বলে মনে করেন তিনি।
তিনি আরও লেখেন, সহিংসতা মূলত বৃহত্তর গোপালগঞ্জ অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ তিন বাহিনীর প্রধানদের গোপালগঞ্জে পাঠান। তবে নিরাপত্তা বাহিনীর বড় ধরনের অভিযান শুরুর আগেই আওয়ামী লীগের তরুণ কর্মীরা বিভিন্ন জেলায় সরে গেছেন বলে দাবি করেন তিনি।
পোস্টে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার উদ্যোগকেও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন শফিকুল আলম। তাঁর মতে, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড মোকাবিলায় সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর মধ্যে সমন্বয় তৈরির প্রচেষ্টা নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে।
তিনি জানান, প্রধানমন্ত্রীর আহ্বানে জামায়াতে ইসলামীর আমির দ্রুত সাড়া দেন এবং তাঁর সঙ্গে একান্ত বৈঠক করেন। পরদিন জামায়াত ও তাদের মিত্ররা বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর কর্মসূচি ঘোষণা করে। এই উদ্যোগ নির্বাচনের পর থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্যমান সমন্বয়হীনতা কাটানোর একটি প্রচেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।
শফিকুল আলমের আশঙ্কা, রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ সীমিত হয়ে এলে আওয়ামী লীগ সহিংসতা আরও বাড়ানোর চেষ্টা করতে পারে। তবে এতে দলটি সাধারণ মানুষের কাছ থেকে আরও বিচ্ছিন্ন হবে। দীর্ঘমেয়াদে সহিংস পথ অনুসরণ করে রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধার করা দলটির জন্য কঠিন হবে বলেও মনে করেন তিনি।
ফেসবুক পোস্টে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়েও নিজের বিশ্লেষণ তুলে ধরেন শফিকুল আলম। তাঁর মতে, জাতীয় রাজনীতিতে অবস্থান পুনরুদ্ধারের জন্য আওয়ামী লীগের সামনে রমজান পর্যন্ত সময় রয়েছে। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে এ সময়ের মধ্যেই সে বিষয়ে উদ্যোগ নিতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না বলে শ্রীরাধা দত্তের বক্তব্য রয়েছে। তবে আগামী বর্ষা মৌসুমের পর শেখ হাসিনা ও কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের বিষয়ে ভারতের অবস্থান নতুন করে পর্যালোচনার প্রয়োজন হতে পারে বলে তিনি ধারণা প্রকাশ করেন।
একই সঙ্গে শেখ হাসিনা ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের পশ্চিমা দেশগুলোতে, বিশেষ করে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ-ভারত রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর এবং বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও নিজের অনুমান তুলে ধরেন।
তবে শফিকুল আলমের এসব বক্তব্য তাঁর ব্যক্তিগত রাজনৈতিক বিশ্লেষণ ও ফেসবুক পোস্টে প্রকাশিত মতামত।