নিউজ প্রবাসী ডেক্স :
বাংলাদেশে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা দিন দিন বাড়ছে। সর্বশেষ সিরাজগঞ্জের কামারখন্দে দ্রুতযান এক্সপ্রেসে ছোড়া পাথরে বাউবির একাদশ শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন গুরুতর আহত হন। চিকিৎসকদের মতে, তার ডান চোখের দৃষ্টিশক্তি ফেরার সম্ভাবনা নেই।
রেলওয়ের তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর গড়ে ১৫০ থেকে ২০০টি পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এতে যাত্রী আহত হওয়ার পাশাপাশি ট্রেনের জানালা ও অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়।
বিশেষজ্ঞদের মতে, কেবল কৌতূহল নয়, কিশোর গ্যাং, সামাজিক অসন্তোষ কিংবা নাশকতার উদ্দেশ্যেও এমন ঘটনা ঘটতে পারে। তারা ঝুঁকিপূর্ণ এলাকায় সিসিটিভি, স্থানীয় নজরদারি কমিটি, জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ওপর গুরুত্ব দিয়েছেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুল-কলেজ ও মসজিদে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। তবে জনবল সংকটের কারণে সব ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা এখনও সম্ভব হয়নি।