নিউজ প্রবাসী ডেক্স:
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ পুতুল। তার বিরুদ্ধে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে তদন্ত চলার মধ্যেই বুধবার (৯ সেপ্টেম্বর) তিনি পদত্যাগ করেন। পদত্যাগপত্র দেওয়ার সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়েছে।
ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানোম গেব্রেয়াসুসের কাছে পাঠানো পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ নিজের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন। একই সঙ্গে সংস্থাটির নেতৃত্বের প্রতি আস্থা হারানোর কথাও জানিয়েছেন তিনি।
দীর্ঘদিন বেতন ছাড়া ছুটিতে থাকার কারণে নিজের আর্থিক পরিস্থিতি সংকটের মধ্যে পড়েছে বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেন সায়মা। প্রায় এক বছর ধরে কোনো পারিশ্রমিক না পাওয়ার বিষয়টি তুলে ধরে তিনি জানান, এসব পরিস্থিতির মধ্যেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সায়মা ওয়াজেদের বিরুদ্ধে ডব্লিউএইচওর তদন্তে চীন সফরকে কেন্দ্র করে আর্থিক অনিয়ম এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়ার অভিযোগের বিষয়টি উঠে এসেছে। বাংলাদেশেও তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত ও মামলা রয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সায়মা ওয়াজেদ। চীন সফরসংক্রান্ত আর্থিক অনিয়মের বিষয়ে তার আইনজীবীদের দাবি, একজন সহকারীর নিয়মিত বিল দাখিলের সময় প্রশাসনিক ভুলের কারণে ৯০১ ডলারের বিষয়টি সামনে আসে।
শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওঠা অভিযোগের জবাবে সায়মার পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে অটিজম নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে তিনি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। এ বিষয়ে ডব্লিউএইচওর মহাপরিচালক আগে থেকেই অবগত ছিলেন বলেও তার পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশে একটি জমি বা প্লট অবৈধভাবে নেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। সায়মার দাবি, ডব্লিউএইচওতে যোগদানের আগেই তিনি ওই সম্পত্তির মালিকানা পেয়েছিলেন এবং সংশ্লিষ্ট আইনের আওতায় তা বৈধ ছিল।
২০২৩ সালে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন সায়মা ওয়াজেদ। ২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের মেয়াদে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও তদন্ত শুরু হয়। ২০২৫ সালের মার্চে দুদক তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করে। ওই বছরের জুলাইয়ে তাকে ছুটিতে পাঠানো হয়। পরে ডব্লিউএইচও তাকে বেতনবিহীন প্রশাসনিক ছুটিতে রাখে।
সায়মা ওয়াজেদের পদত্যাগের পর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে ডব্লিউএইচও। আগামী অক্টোবর থেকে মনোনয়ন প্রক্রিয়া শুরুর কথা রয়েছে। এরপর যাচাই-বাছাই শেষে নতুন পরিচালক নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। �
bangla.bdnews24.com +1