নিউজ প্রবাসী ডেস্ক

ডায়াবেটিসের ঝুঁকি ও ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত রক্ত পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব।

‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। ১৪ নভেম্বর দিবসটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে দেশে নানা কর্মসূচি গ্রহণের উদ্যোগকে স্বাগত জানান তিনি।

এ বছরের দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ যথার্থ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরিতে প্রত্যেককে নিজ নিজ পরিবার, কর্মস্থল ও সমাজে ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, ডায়াবেটিস দীর্ঘমেয়াদি একটি রোগ। এ রোগ সারা জীবন নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। যথাযথভাবে নিয়ন্ত্রণ করা না হলে হার্ট অ্যাটাকসহ বিভিন্ন হৃদ্‌রোগ, স্ট্রোক, কিডনির জটিলতা ও অন্ধত্বের মতো সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি স্নায়ু ও রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়ে সংক্রমণ এবং গুরুতর ক্ষেত্রে অঙ্গচ্ছেদের ঝুঁকিও তৈরি হতে পারে।

তবে নিয়ম মেনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে স্বাভাবিক, সুস্থ ও কর্মক্ষম জীবনযাপন সম্ভব বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। এ জন্য রোগটির ঝুঁকি সম্পর্কে জানা এবং নিজের সুরক্ষায় সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

রাষ্ট্রপতি আরও বলেন, নগরায়ণের ফলে মানুষের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। অন্যদিকে শারীরিক পরিশ্রম কমে যাওয়ায় ডায়াবেটিসের প্রকোপও বাড়ছে। এ পরিস্থিতিতে রোগটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানো জরুরি।

ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সবশেষে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন রাষ্ট্রপতি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts