আন্তর্জাতিক ডেস্ক
বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর টেলিযোগাযোগব্যবস্থায় বড় ধরনের ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে চার ঘণ্টার বেশি সময় বন্ধ ছিল উড়োজাহাজের উড্ডয়ন। শুক্রবার স্থানীয় সময় বিকেল থেকে রাত পর্যন্ত এ পরিস্থিতিতে বিপাকে পড়েন দেশটির বিমানযাত্রীরা। ফ্লাইট চলাচল বন্ধ ও সূচি বিপর্যয়ের কারণে ১৫ লাখের বেশি যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্য অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দর থেকে প্রায় ১১ হাজার ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল। এসব ফ্লাইটে ১৫ লাখেরও বেশি যাত্রীর ভ্রমণের পরিকল্পনা ছিল।
দেশটির ২২টি আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারের টেলিযোগাযোগব্যবস্থায় সমস্যা দেখা দিলে পরিস্থিতির অবনতি ঘটে। এর পরিপ্রেক্ষিতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দর থেকে উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখার নির্দেশ দেয়। এতে দেশটির আকাশপথে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়।
পরে শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী আকাশসীমা আবারও উন্মুক্ত করে দেওয়া হয়। এর মধ্য দিয়ে উড়োজাহাজ চলাচল পুনরায় শুরু হলেও ফ্লাইট সূচি দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।
এপি জানিয়েছে, দীর্ঘ সময়ের স্থবিরতায় জমে থাকা ফ্লাইটের চাপ সামলাতে বিমান সংস্থা ও বিমানবন্দরগুলোকে আরও বিলম্বের মুখে পড়তে হতে পারে। ফলে উড্ডয়ন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও যাত্রীদের ভোগান্তি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।