নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর বিভিন্ন এলাকায় ডিবি ও র্যাবের পরিচয়ে গাড়িতে করে ছিনতাই-ডাকাতির অভিযোগে একটি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্য রয়েছেন।
শুক্র ও শনিবার কামরাঙ্গীরচর, উত্তরখান, বিমানবন্দর, ধানমন্ডি ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, চক্রটি নকল পুলিশি ভেস্ট, ওয়াকিটকি ও ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে বিভিন্ন এলাকায় ডাকাতি করত। গ্রেপ্তারদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, কিরিচ, খেলনা পিস্তল, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, ভুয়া নম্বরপ্লেট এবং ডিবি-র্যাব লেখা ভেস্ট উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, গ্রেপ্তার তৈয়ব আলী সর্দারকে চক্রটির প্রধান হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৪৫টি ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া গত জুলাইয়ে খিলক্ষেতের কুড়িল বিশ্বরোডে ১২ লাখ টাকা ডাকাতির ঘটনায়ও তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
চক্রটির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।