মোবাইল ফোন অপারেটরদের তরঙ্গ নবায়নের অর্থ কিস্তিতে পরিশোধের ক্ষেত্রে সুদ আরোপের সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। সরকারের এ শর্তে মোবাইল অপারেটরগুলোর ব্যয় প্রায় ৭ হাজার ৮৯৪ কোটি টাকা বাড়তে পারে। এতে নতুন বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে টেলিকম খাতে।

অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গের মূল্য সুদ ছাড়া ২১ হাজার ২৩৮ কোটি টাকা। তবে কিস্তিতে অর্থ পরিশোধ করলে সুদসহ মোট ব্যয় দাঁড়াবে ২৯ হাজার ১৩২ কোটি ৩৭ লাখ টাকা। অর্থাৎ কেবল সুদের কারণেই অপারেটরদের অতিরিক্ত প্রায় ৭ হাজার ৮৯৪ কোটি টাকা ব্যয় করতে হবে।

গত ১২ নভেম্বর অর্থ মন্ত্রণালয় এ-সংক্রান্ত হিসাব ও শর্ত জানিয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। এরপর বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে।

এদিকে সোমবার মোবাইল অপারেটরগুলোর প্রধান নির্বাহীরা টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সংক্রান্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তাঁরা জানান, গত দুই থেকে আড়াই দশক ধরে তরঙ্গের মূল্য কিস্তিতে পরিশোধের সুযোগ থাকলেও কখনো এভাবে সুদ আরোপ করা হয়নি। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে ভবিষ্যৎ বিনিয়োগের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বাধ্য হতে পারেন অপারেটররা।

তিন ব্যান্ডের তরঙ্গ নবায়নের উদ্যোগ

৯০০, ১ হাজার ৮০০ ও ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ ব্যবহারের মেয়াদ গত ১০ নভেম্বর শেষ হয়েছে। নতুন করে ২০ বছরের জন্য এসব ব্যান্ডের মোট ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গ নিলামের মাধ্যমে গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের মধ্যে বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তরঙ্গের মূল্য নির্ধারণ করে একটি প্রস্তাব টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠায়। প্রস্তাবে ৯০০ মেগাহার্টজ ব্যান্ডের প্রতি মেগাহার্টজের দাম ৩১৬ কোটি টাকা, ১ হাজার ৮০০ মেগাহার্টজ ব্যান্ডের ২৬৪ কোটি টাকা এবং ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডের ২২৯ কোটি টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

বিটিআরসির হিসাব অনুযায়ী, প্রস্তাবিত দামে তরঙ্গ বরাদ্দ দেওয়া হলে সরকারের রাজস্ব আয় হতে পারে ২০ থেকে ২১ হাজার কোটি টাকা। অনুমোদনের জন্য প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।

১০ বছর ৫ মাসে পরিশোধের সুযোগ, সঙ্গে সুদ

বিটিআরসি ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রস্তাবে ১২টি কিস্তিতে ১০ বছর পাঁচ মাসের মধ্যে তরঙ্গের মূল্য পরিশোধের সুযোগ রাখার কথা বলা হয়েছিল। তবে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এক বছরের মধ্যে সম্পূর্ণ অর্থ পরিশোধ করা না হলে তৃতীয় কিস্তি থেকে সুদ দিতে হবে।

প্রতিটি কিস্তির ক্ষেত্রে ৯০ দিন মেয়াদি সরকারি ট্রেজারি বিলের সুদের হার প্রযোজ্য হবে। বর্তমানে এ হার ৮ দশমিক ১১ শতাংশ। পাশাপাশি তরঙ্গ নবায়নের জন্য অপারেটরদের জাতীয় রাজস্ব বোর্ডের কাছ থেকে ভ্যাট, কর ও সিম ট্যাক্সসংক্রান্ত কোনো বকেয়া নেই—এমন সনদ জমা দিতে হবে।

অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় কিস্তিতে প্রতিবার ১ হাজার ৭৬৯ কোটি ৮৩ লাখ টাকা করে দিতে হবে অপারেটরদের। তৃতীয় কিস্তিতে সুদসহ পরিশোধ করতে হবে ৩ হাজার ২০৫ কোটি টাকা এবং চতুর্থ কিস্তিতে ৩ হাজার ৬১ কোটি টাকা। এভাবে ধারাবাহিকভাবে কিস্তি পরিশোধের পর দশ বছর শেষে ১২তম কিস্তিতে দিতে হবে ১ হাজার ৯১৩ কোটি ৩৭ লাখ টাকা।

সংশ্লিষ্টদের মতে, তরঙ্গ নবায়নে অতিরিক্ত সুদের এ বোঝা মোবাইল অপারেটরগুলোর আর্থিক চাপ বাড়াবে। এর প্রভাব ভবিষ্যতে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ, নেটওয়ার্ক সম্প্রসারণ এবং সেবার মান উন্নয়নের উদ্যোগেও পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts