দেশের বিদ্যুৎ খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। মঙ্গলবার (১৭ নভেম্বর) কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে কয়েক ঘণ্টার জন্য সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান জানিয়েছেন, সব প্রস্তুতি সম্পন্ন হলে নির্ধারিত সময় অনুযায়ী প্রথম ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করা হবে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক পরীক্ষা শেষে কয়েক ঘণ্টা পর গ্রিডের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে কেন্দ্রের বিভিন্ন কারিগরি পরীক্ষা চালানো হবে। পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপের সাহায্যে পানি বাষ্পে পরিণত হবে। সেই বাষ্পের চাপে টারবাইন ঘুরিয়ে উৎপাদন করা হবে বিদ্যুৎ।
শুরুতে কেন্দ্রটির উৎপাদনক্ষমতার মাত্র ৩ শতাংশ ব্যবহার করা হবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে তা বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ পর্যায়ে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হতে পারে। এরপরও নিরাপত্তা, কারিগরি সক্ষমতা ও উৎপাদনসংক্রান্ত বিভিন্ন পরীক্ষা চলবে। পূর্ণ উৎপাদনক্ষমতায় পৌঁছাতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর শুরু হবে বাণিজ্যিক উৎপাদন।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানিয়েছেন, রূপপুরের বিদ্যুৎ গ্রহণের জন্য জাতীয় গ্রিড প্রস্তুত রাখা হয়েছে। সংযোগ কার্যক্রমের সময় পিডিবির একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।
তবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আগে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। সংস্থাটির চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত হওয়ার পরই এ অনুমতি দেওয়া হবে।
এদিকে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনা করছে সরকার। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি অংশ নিতে পারেন বলে জানা গেছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে অন্তত ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২০ মেগাওয়াট রেখে প্রতিটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ১০৩০ মেগাওয়াট সরবরাহের পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে অন্তত ২০৬০ মেগাওয়াট বিদ্যুৎ।
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় নির্মিত এই বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের সবচেয়ে বড় একক উন্নয়ন প্রকল্প। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। কেন্দ্র পরিচালনার দায়িত্বে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।
প্রকল্পটির মূল বাস্তবায়ন মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত থাকলেও দুই দফায় সময় বাড়িয়ে ২০২৮ সালের জুন নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে এর প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা, যা আগের তুলনায় প্রায় ২৬ হাজার কোটি টাকা বেশি।
প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ সফল হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পারমাণবিক বিদ্যুৎ ব্যবস্থাপনায় বাংলাদেশের জন্য নতুন একটি অধ্যায়ের সূচনা হবে।