নিউজ প্রবাসী ডেক্স :
তিন মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার থেকে পর্যটক, জেলে, বাওয়ালি ও মৌয়ালদের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে সুন্দরবন। তবে প্রথম দিন বৃষ্টি ও ঝোড়ো বাতাস থাকায় পর্যটকের উপস্থিতি ছিল তুলনামূলক কম।
বাগেরহাট পূর্ব বনবিভাগের তথ্য অনুযায়ী, প্রথম দিনে প্রায় ৩০০ দেশি-বিদেশি পর্যটক সুন্দরবনে আসেন। সাতক্ষীরা রেঞ্জে দুপুর পর্যন্ত ১৫৯টি নৌযানের পাস ইস্যু করা হয়। এসব নৌযানে চার শতাধিক জেলে ও বাওয়ালি বনে প্রবেশের অনুমতি পেয়েছেন।
বন্যপ্রাণী ও মাছের প্রজনন নির্বিঘ্ন রাখতে প্রতিবছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশ, মাছ ধরা, কাঁকড়া আহরণ, মধু সংগ্রহ ও পর্যটন কার্যক্রম বন্ধ থাকে।
নিষেধাজ্ঞার তিন মাসে বন অপরাধ ঠেকাতে ৬৩টি অভিযান চালিয়ে ৩৯টি মামলা করা হয় এবং ৩৭ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে ট্রলার, নৌকা, মাছ ধরার জাল, বিষ ও বিপুলসংখ্যক হরিণ শিকারের ফাঁদ।
নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনে বৈধ পাস-পারমিট, নৌযান চলাচল নিয়ন্ত্রণ এবং বনজীবীদের নিরাপত্তায় নজরদারি জোরদার করেছে বন বিভাগ।