নিউজ প্রবাসী ডেক্স:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় সরকারি সম্পত্তির প্রায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলায় ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৮ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখসহ সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা ও টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক মো. আরিফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ২২ নভেম্বর থানার উপপরিদর্শক কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধ একটি দল বেআইনিভাবে থানায় প্রবেশ করে হামলা চালায়। এ সময় সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের মারধর করে গুরুতর আহত করার অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে হামলাকারীরা থানার অস্ত্রাগারের তালা ভেঙে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করে। পাশাপাশি পুলিশের গাড়ি, থানা ভবন ও ব্যারাকসহ বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

মামলার বিবরণে লুট হওয়া অস্ত্রের তালিকায় রয়েছে একটি এলএমজি ও ১০০ রাউন্ড গুলি, আটটি চীনা রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি, ১১টি শটগান ও ৬৬৯ রাউন্ড রাবার কার্তুজ এবং দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল।

এ ছাড়া আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি, একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি এবং তিনটি এসএমজি, ছয়টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলি লুটের অভিযোগ রয়েছে।

লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য তিন কোটি টাকা। অন্যদিকে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটসহ সব মিলিয়ে সরকারি সম্পত্তির ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯, দণ্ডবিধি ও অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। তবে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, মামলা দায়েরের পর এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts