নিউজ প্রবাসী ডেক্স :
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন দেশ দুটির শীর্ষ কর্মকর্তারা। মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।
বৈঠক শেষে এটিকে ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেন সার্জিও গোর। তিনি বলেন, বিশ্বজুড়ে চলমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।
মার্কিন রাষ্ট্রদূত জানান, দুই দেশের মধ্যে বেশ কিছু অভিন্ন লক্ষ্য রয়েছে। এসব লক্ষ্য বাস্তবায়নে দ্বিপক্ষীয় সম্পর্ক ও যোগাযোগ আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বৈঠকে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে একসঙ্গে কাজ অব্যাহত রাখার পাশাপাশি কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে দুই পক্ষ গুরুত্ব দেয়।
সাম্প্রতিক সময়ে ভারত ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসেবে অজিত দোভালের সঙ্গে সার্জিও গোরের এই বৈঠক অনুষ্ঠিত হলো।
এর একদিন আগে সোমবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গেও বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। ওই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বিশ্বের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতিতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর এই ধারাবাহিক কূটনৈতিক তৎপরতা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।