নিউজ প্রবাসী ডেক্স :
বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে নয়াদিল্লিতে পরবর্তী হাই কমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্তে ভারত সরকার আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনটিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে বলা হয়েছে, সিয়ামের নিয়োগের জন্য ভারতের দেওয়া আনুষ্ঠানিক সম্মতিপত্র বা ‘অ্যাগ্রিমোঁ’র একটি অনুলিপি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর ফলে তার নিয়োগ নিয়ে সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হয়েছে বলে সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে।
এর আগে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছিল, দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হিসেবে সিয়ামের নাম প্রস্তাবের পর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও নয়াদিল্লির আনুষ্ঠানিক সম্মতি পাওয়া যাচ্ছিল না। সে সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও সরকারি বক্তব্য না আসা পর্যন্ত সংবাদমাধ্যমের প্রতিবেদনকে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
আসাদ আলম সিয়াম ১৯৯৫ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। তিনি বর্তমানে পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত, অস্ট্রিয়ায় রাষ্ট্রদূত এবং ফিলিপিন্সে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইতালির মিলানে বাংলাদেশের প্রথম কনসাল জেনারেল এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সহকারী হাই কমিশনার হিসেবেও কাজ করেছেন।
দেশে দায়িত্ব পালনের সময় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল প্রধান, ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালক এবং পররাষ্ট্রসচিবের দপ্তরের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
নিয়োগ কার্যকর হলে সিয়াম বর্তমান হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন। রিয়াজ হামিদুল্লাহকে জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশ-ভারত সম্পর্কের নানা বিষয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ ও আলোচনার মধ্যেই সিয়ামের দিল্লি নিয়োগের বিষয়টি সামনে এসেছে। তার দায়িত্বের সময় দুই দেশের কূটনৈতিক যোগাযোগ, দ্বিপক্ষীয় বিষয় ও উচ্চপর্যায়ের সফর নিয়ে কাজ করার সুযোগ থাকবে। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টায় তার নতুন দায়িত্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts