নিউজ প্রবাসী ডেক্স :
দাম্পত্য জীবনের ২০ বছর পূর্তি স্মরণীয় করে রাখতে ফের বিয়ের অঙ্গীকার নবায়ন করেছেন দক্ষিণ ভারতের তারকা দম্পতি সূরিয়া ও জ্যোতিকা। খ্রিস্টান রীতির আদলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা।
অনুষ্ঠানের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন জ্যোতিকা। সেখানে তাকে সাদা গাউনে এবং সূরিয়াকে সাদা পোশাকে দেখা যায়। তাদের দুই সন্তান দিয়া ও দেবসহ পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূরিয়ার ভাই ও অভিনেতা কার্তিও ছিলেন আয়োজনে।
জ্যোতিকা এই আয়োজনকে ‘দ্য সিক্যুয়েল’ হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষ্য, এটি নিখুঁত দাম্পত্যের উদযাপন নয়; বরং দুই দশকের সম্পর্কের ভুল-ত্রুটি, মানিয়ে নেওয়া, পারস্পরিক বোঝাপড়া, ত্যাগ এবং নিঃস্বার্থ ভালোবাসার উদযাপন।
২০০৬ সালের সেপ্টেম্বরে বিয়ের পর সূরিয়া ও জ্যোতিকার সংসারে এসেছে দুই সন্তান—দিয়া ও দেব। ২০ বছর পর অঙ্গীকার নবায়নের এই আয়োজনের মাধ্যমে নিজেদের দীর্ঘ পথচলাকে নতুন করে উদযাপন করলেন তারা।