নিউজ প্রবাসী ডেস্ক :
দুর্গাপূজার নবমী উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলের পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। একই দিনে রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপও পরিদর্শনের কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, সকাল পৌনে ৯টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন সরকারপ্রধান। সেখানে রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কর্মসূচি রয়েছে।
সফরসূচি অনুযায়ী, রংপুরের পর প্রধানমন্ত্রী রাজশাহী যাবেন। সেখানে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি বিকেলে হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর চট্টগ্রামের জেএম সেন হল ও রহমতগঞ্জ এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। কর্মসূচি শেষে রাতে ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে।
প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদ্যাপনের পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, সরকারের নীতিতে প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার এবং সবার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এ বছর পূজার বরাদ্দ ও ছুটি বাড়ানোর পাশাপাশি পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
সফরসূচি অনুযায়ী, রংপুর ও রাজশাহীর কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী চট্টগ্রামে যাবেন। সেখানে পূজামণ্ডপ পরিদর্শনের পর সন্ধ্যায় সার্কিট হাউজে যাত্রাবিরতি করবেন। পরে রাত সোয়া ৯টার দিকে তেজগাঁও বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।