নিউজ প্রবাসী ডেস্ক:

২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে ‘ন্যায়সংগত নয়’ বলে মন্তব্য করেছে মিয়ানমার। দেশটির দাবি, রায়টি সর্বসম্মতভাবে গৃহীত হয়নি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের প্রেসিডেন্ট ও বিচারক ইউজি ইসাসাওয়া রায় ঘোষণা করেন। এর পর প্রতিক্রিয়া জানতে মিয়ানমারের রাজধানী নেইপিদোতে প্রেসিডেন্টের দপ্তরে যোগাযোগ করে বার্তা সংস্থা এএফপি। দেশটির দপ্তরের মুখপাত্র খাইং খাইং সোয়ে রায়টিকে ‘অন্যায্য’ বলে অভিহিত করেন।

তিনি বলেন, ১৫ জন বিচারকের সবাই রায়ের সঙ্গে একমত হননি। ৯-৬ ভোটে সিদ্ধান্তটি গৃহীত হয়েছে। তাই একে সর্বসম্মত রায় বলা যায় না এবং মিয়ানমারের বিবেচনায় এটি ন্যায়সংগতও নয়।

২০১৭ সালের আগস্টের শুরুতে রাখাইনের কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে একযোগে বোমা হামলার ঘটনা ঘটে। পরে ওই হামলার দায় স্বীকার করে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)।

এরপর আগস্টের মাঝামাঝি থেকে রাখাইনে রোহিঙ্গাদের লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। অভিযানের সময় ব্যাপক সহিংসতা ও নির্যাতনের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে কক্সবাজারের আশ্রয়শিবিরগুলোতে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছেন। এ ছাড়া ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশেও রোহিঙ্গা শরণার্থীরা আশ্রয় নিয়েছেন।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার ঘটনায় গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ তুলে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ১৯ নভেম্বর মামলাটির রায় ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts