নিউজ প্রবাসী ডেক্স :
নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে দেশে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, দেশে বর্তমানে মূল্যস্ফীতি তুলনামূলকভাবে বেশি। সাম্প্রতিক সময়ে এটি কিছুটা কমলেও সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ানোর ফলে মানুষের হাতে অতিরিক্ত অর্থ আসবে। এতে মূল্যস্ফীতির ওপর কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
নতুন পে স্কেল কীভাবে পর্যায়ক্রমে কার্যকর করা হবে, তার একটি রোডম্যাপও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, নতুন বেতন কাঠামোর একটি উল্লেখযোগ্য দিক হলো বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে—এমন সরকারি কর্মচারীরা মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন। তার মতে, অর্থের পরিমাণ খুব বেশি না হলেও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা, শিক্ষা ও পরিচর্যার বিষয়টি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
নতুন পে স্কেলে বেতন বৃদ্ধির মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন গ্রেডের মধ্যে বৈষম্যও কিছুটা কমবে বলে মন্তব্য করেন তিনি।
জাহেদ উর রহমান জানান, প্রথম ১০টি গ্রেডে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত এবং পরের ১০টি গ্রেডে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানোর ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বেতন-ভাতার ব্যবধান আগের তুলনায় কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।