নিউজ প্রবাসী ডেক্স :
ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে এ নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট হবে।
সোমবার নির্বাচন কমিশনের সভা শেষে কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক সভা হয়েছে। সেখানে সাত ধাপে ভোট আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসি জানিয়েছে, দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন সাত ধাপে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। ধাপগুলোতে সম্ভাব্য ভোটের তারিখও নির্ধারণ করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর ভোট হতে পারে।
চতুর্থ ধাপে আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপে ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপে ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপে ২৭ মে ভোট আয়োজনের কথা রয়েছে।
ইসি কমিশনার জানান, প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। তবে কোন কোন ইউনিয়ন পরিষদ কোন ধাপে ভোটের আওতায় থাকবে, তা আনুষ্ঠানিক তফসিলে বিস্তারিত জানানো হবে।
এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, ইউনিয়ন পরিষদের নির্বাচন ধাপে ধাপে আয়োজনের প্রস্তুতি চলছে। গত সপ্তাহেও ইসি জানিয়েছিল, ইউনিয়নভিত্তিক নয়, একই উপজেলার সব ইউনিয়নে একই দিনে ভোট নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তবে এখন পর্যন্ত ভোটের সম্ভাব্য তারিখ জানানো হয়েছে। আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts