
নিউজ প্রবাসী ডেক্স :
দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে (এফডিআই) ধীরগতি অব্যাহত রয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে দেশে নিট বিদেশি বিনিয়োগ আগের বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৫৬ শতাংশ কমেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, জুলাই থেকে মার্চ সময়ে দেশে নিট এফডিআই এসেছে ১০০ কোটি ৬০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৩১ কোটি ৬০ লাখ ডলার।
বিশেষ করে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্য হারে কমেছে। এ সময়ে নিট এফডিআই এসেছে মাত্র ১৯ কোটি ৯০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭৫ শতাংশ কম।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর মুনাফা দেশে নিয়ে যাওয়ার পর যে অর্থ অবশিষ্ট থাকে, সেটিকেই নিট এফডিআই হিসেবে ধরা হয়।
তবে অর্থবছরের হিসাবে বিনিয়োগ কমলেও পঞ্জিকা বছরের হিসাবে ইতিবাচক প্রবৃদ্ধির তথ্য পাওয়া গেছে। ২০২৫ সালে দেশে মোট নিট বিদেশি বিনিয়োগ দাঁড়িয়েছে ১৭৭ কোটি ৪ লাখ ডলারে, যা ২০২৪ সালের তুলনায় ৩৬ দশমিক ৩৬ শতাংশ বেশি।
বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি ও বিনিয়োগ পরিবেশের কারণে বিদেশি বিনিয়োগে ধীরগতি দেখা দিয়েছে। তবে দীর্ঘমেয়াদে অবকাঠামো উন্নয়ন ও শিল্পায়নের ধারাবাহিকতা বজায় থাকলে বিনিয়োগ পরিস্থিতির উন্নতি হতে পারে।