নিউজ প্রবাসী ডেক্স:

নারায়ণগঞ্জের ছয়টি টেক্সটাইল প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা সুতা, কাপড় তৈরির কাঁচামাল ও রাসায়নিক পদার্থ কারখানায় ব্যবহার না করে খোলাবাজারে বিক্রির অভিযোগে এ অভিযান চালানো হয়।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার এলাকায় অবস্থিত ছয়টি প্রতিষ্ঠানে একযোগে অভিযান পরিচালনা করে সিআইআইডির একাধিক দল। অভিযানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরাও সহযোগিতা করেন।

অভিযানকালে প্রতিষ্ঠানগুলোর গুদামে থাকা সুতা, কাপড় ও রাসায়নিক পদার্থের প্রকৃত মজুতের সঙ্গে কাস্টমসের অনলাইন তথ্যভান্ডারের হিসাবের বড় ধরনের অসংগতি পাওয়া যায়। প্রাথমিক অনুসন্ধানে ছয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকির তথ্য উঠে এসেছে।

প্রতিষ্ঠানভিত্তিক রাজস্ব ফাঁকির প্রাথমিক হিসাব

১. সিম ফেব্রিক্স লিমিটেড, রূপগঞ্জ—প্রায় ৯০ কোটি ৭৭ লাখ টাকা।

২. জাহিন নিটওয়্যার্স লিমিটেড, বন্দর—প্রায় ৬৪ কোটি ৬১ লাখ টাকা।

৩. সানজানা ফেব্রিক্স লিমিটেড, রূপগঞ্জ—প্রায় ৬০ কোটি ৩৩ লাখ টাকা।

৪. বোনাফাইড নিটিং মিলস লিমিটেড, আড়াইহাজার—প্রায় ৩৯ কোটি ৫০ লাখ টাকা।

৫. জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেড, বন্দর—প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকা।

৬. মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড, রূপগঞ্জ—প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা।

বন্ড সুবিধার আওতায় রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট শর্তে শুল্ক-কর ছাড়াই কাঁচামাল আমদানির সুযোগ পায়। এসব কাঁচামাল সংশ্লিষ্ট কারখানায় উৎপাদনের কাজে ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে, ছয়টি প্রতিষ্ঠান আমদানি করা কাঁচামালের একটি অংশ উৎপাদনে ব্যবহার না করে স্থানীয় বাজারে বিক্রি করেছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে বলে ধারণা করছে কাস্টমস গোয়েন্দা বিভাগ।

কর্মকর্তারা জানান, অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে হিসাবের তুলনায় কম কাঁচামাল পাওয়া গেছে। আবার কোনো কোনো প্রতিষ্ঠানে নথিতে উল্লেখিত পরিমাণের চেয়ে বেশি পণ্য মজুত ছিল। এসব পার্থক্য বন্ড সুবিধার যথাযথ ব্যবহার নিয়ে সন্দেহ তৈরি করেছে।

জব্দ নথি যাচাই, চূড়ান্ত হিসাব পরে

অভিযানের সময় প্রতিষ্ঠানগুলোর আমদানি, উৎপাদন, কাঁচামাল ব্যবহার ও মজুতসংক্রান্ত বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়েছে। বর্তমানে সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের ভাষ্য, প্রাথমিক হিসাবে রাজস্ব ফাঁকির পরিমাণ ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার বেশি। তবে তদন্ত শেষ হলে প্রকৃত অঙ্কের পরিবর্তন হতে পারে। বন্ড সুবিধার অপব্যবহার ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে এ ধরনের অভিযান এবং নজরদারি অব্যাহত রাখার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts