নিউজ প্রবাসী ডেস্ক:

২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে মোট ৭০ দিন ছুটি রাখার প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রণালয়। ছুটির খসড়া সূচি অনুযায়ী, সবচেয়ে দীর্ঘ অবকাশ রাখা হয়েছে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে।

খসড়া তালিকায় আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত রমজান, ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষে বিদ্যালয় বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে। সাপ্তাহিক ছুটি বাদে এ সময়ে মোট ২৪ দিন ছুটি থাকছে। তবে সাপ্তাহিক ছুটিসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা ৩৪ দিন বন্ধ থাকতে পারে।

এই দীর্ঘ বিরতির মধ্যে রয়েছে শ্রীশ্রী সরস্বতী পূজা, মাঘী পূর্ণিমা, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জামাতুল বিদা, শ্রীশ্রী শিবরাত্রি, শবে কদর এবং ঈদুল ফিতরের ছুটি।

এ ছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ১৬ থেকে ২৭ মে পর্যন্ত বিদ্যালয় বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে। সাপ্তাহিক ছুটি বাদে এ সময়ে মোট ১০ দিন ছুটি পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা। এই ছুটির মধ্যে ১৯ মে বুদ্ধ পূর্ণিমাও রয়েছে।

বছরের শেষ দিকে শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও বড়দিন উপলক্ষে ১৪ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ছুটি রাখার প্রস্তাব করা হয়েছে। এ সময়ে সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে মোট ১১ দিন ছুটি গণনা করা হয়েছে।

খসড়া সূচি অনুযায়ী, ৬ জানুয়ারি শবেমেরাজ এবং ২৪ জানুয়ারি শবেবরাত উপলক্ষে এক দিন করে ছুটি থাকবে। মার্চে শুভ দোলযাত্রা ও ইস্টার সানডে উপলক্ষেও ছুটি নির্ধারণ করা হয়েছে।

এপ্রিলে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, বৈসাবি উৎসব, চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে ছুটি থাকবে। জুনে পবিত্র আশুরা, জুলাইয়ে আষাঢ়ী পূর্ণিমা ও আষাঢ়ী চাঁর সেবা এবং আগস্টে জুলাই গণঅভ্যুত্থান দিবস, ঈদে মিলাদুন্নবী (সা.) ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক দিন করে ছুটির প্রস্তাব রয়েছে।

সেপ্টেম্বরে ফাতেহা-ই-ইয়াজদাহম, মধু পূর্ণিমা ও শুভ মহালয়া উপলক্ষে ছুটি রাখা হয়েছে। অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে ৭ থেকে ১১ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটি বাদে এ সময়ে তিন দিন ছুটি গণনা করা হয়েছে। একই মাসে লক্ষ্মীপূজা ও শ্যামাপূজা উপলক্ষেও এক দিন করে ছুটির প্রস্তাব রয়েছে। নভেম্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক দিন ছুটি রাখা হয়েছে।

খসড়া তালিকায় আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত থাকবে দুই দিনের ছুটি। অন্যদিকে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ১ মে মহান মে দিবস শুক্রবার ও শনিবার হওয়ায় এ দুটি দিবসের জন্য অতিরিক্ত ছুটি গণনা করা হয়নি।

সব মিলিয়ে ২০২৭ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ৭০ দিনের ছুটির প্রস্তাব করা হয়েছে। তবে তালিকাটি এখনো চূড়ান্ত নয়। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের আগে ছুটির দিন ও তারিখে পরিবর্তন আসতে পারে। চাঁদ দেখার ওপর নির্ভরশীল ধর্মীয় উৎসবগুলোর তারিখও পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts