ডেস্ক

যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। এর ফলে দেশের জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর নতুন সুযোগ তৈরি হতে পারে।

সোমবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় মার্কিন সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগ আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখে। এসব প্রকল্প যুক্তরাষ্ট্রের মিত্রদের সক্ষমতা জোরদার করার পাশাপাশি আঞ্চলিক সার্বভৌমত্ব সুরক্ষায় সহায়ক হতে পারে।

ডিএফসির মতে, অর্থায়নের যোগ্যতা অর্জনের ফলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজন মেটাতে বেসরকারি বিনিয়োগ কাজে লাগানোর সুযোগ বাড়বে। পাশাপাশি সংস্থাটির অর্থায়ন ও ঝুঁকি প্রশমনসংক্রান্ত বিভিন্ন সুবিধা পাওয়ার পথও সহজ হবে।

সংস্থাটি জানায়, এ সুবিধার মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ বিনিয়োগ ঘাটতি পূরণ এবং অর্থায়ন সংকটে থাকা প্রকল্প বাস্তবায়নে সহায়তা পাওয়া সম্ভব। এসব বিনিয়োগ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবা ও সুযোগ-সুবিধায় মানুষের প্রবেশাধিকার বৃদ্ধি এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

ডিএফসি আরও বলেছে, অনেক উন্নয়নমুখী ও বাণিজ্যিকভাবে লাভজনক প্রকল্প অর্থায়নের সীমাবদ্ধতা কিংবা সম্ভাব্য ঝুঁকির কারণে বেসরকারি বিনিয়োগকারীদের আগ্রহ পায় না। এসব বাধা মোকাবিলা করে প্রকল্প বাস্তবায়নে সংস্থাটির অর্থায়ন ও ঝুঁকি ব্যবস্থাপনা সহায়তা গুরুত্বপূর্ণ হতে পারে।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, বাংলাদেশের এ যোগ্যতা দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার এবং প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে সক্ষম বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করার প্রকল্পে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts