নিউজ প্রবাসী ডেক্স :
ময়মনসিংহের গফরগাঁওয়ে বৃষ্টির মধ্যে বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে দুই শিশু। শুক্রবার দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো ওই গ্রামের মাজহারুল ইসলামের তিন বছর বয়সী ছেলে সাফা এবং নুরুল ইসলামের তিন বছর বয়সী মেয়ে সাইফানা। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো ভাইবোন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বৃষ্টি শুরু হলে শিশু দুটি ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে খেলছিল। খেলতে খেলতে একপর্যায়ে সবার অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
বেশ কিছু সময় তাদের খুঁজে না পেয়ে উদ্বিগ্ন স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়। অচেতন অবস্থায় তাদের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিথুন আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে থানায় অপমৃত্যুর মামলা করা হবে।
একসঙ্গে খেলতে বের হওয়া দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পালইকান্দা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তাদের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।