নিউজ প্রবাসী ডেক্স :

চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে সাম্প্রতিক বিতর্কে অসন্তোষ প্রকাশ করেছেন জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা খান। তাঁর মতে, একজন শিল্পীর প্রকাশ্য আচরণ শুধু তাঁর ব্যক্তিগত ভাবমূর্তিকেই প্রভাবিত করে না, বরং পুরো শিল্পী সমাজের সম্মান ও মর্যাদার ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধরের মামলায় গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে হাজিরা দিতে যান পরীমনি। সেখানে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুলে তাঁকে গালমন্দ ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে এই অভিনেত্রীর বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ পরিস্থিতিতে নিজের প্রতিক্রিয়া জানিয়ে রিনা খান বলেন, রাগের মাথায় কাউকে গালাগালি করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। গণমাধ্যমের মাধ্যমেই শিল্পীরা পরিচিতি ও জনপ্রিয়তা পান। একইভাবে তাঁদের আচরণের নেতিবাচক দিকও গণমাধ্যমের মাধ্যমে মানুষের সামনে আসে। তাই এমন কোনো কথা বা আচরণ করা উচিত নয়, যার দায় পুরো শিল্পী সমাজকে নিতে হয়।

পরীমনির ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, হাজারো মানুষের সামনে একজন শিল্পীর এ ধরনের ভাষা ব্যবহার করা উচিত নয়। কারও প্রতি ক্ষোভ বা অভিযোগ থাকলে তা প্রকাশ্যে অপমান না করে ব্যক্তিগতভাবে জানানো যেতে পারে।

রিনা খানের ভাষায়, এ ধরনের আচরণ একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং পুরো শিল্পী সমাজের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে। তিনি সব শিল্পীর উদ্দেশে দায়িত্বশীল ও সংযত আচরণের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts