
নিউজ প্রবাসী ডেক্স :
যশোরের অভয়নগর উপজেলায় রিয়াজ হোসেন (২৯) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার ভোরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রিয়াজ ধলিরগাতী গ্রামের মনসুর আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদক সংক্রান্ত একাধিক মামলা ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা রিয়াজকে বিদ্যালয় মাঠে নিয়ে গিয়ে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালের চিকিৎসক জানান, নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, নিহত ব্যক্তি একাধিক মামলার আসামি ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।