নিউজ প্রবাসী ডেক্স :

দায়িত্ব গ্রহণের পাঁচ মাসে সরকারের বিভিন্ন খাতের কার্যক্রম ও অর্জনের চিত্র তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যেই সরকার জনগণের আস্থা অর্জন, অর্থনৈতিক স্থিতিশীলতা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
তিনি জানান, সরকারের কার্যক্রমকে পাঁচটি প্রধান অর্জনের মধ্যে ভাগ করা যায়। এর মধ্যে রয়েছে জনগণের আস্থা ও সমর্থন অর্জন, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন, স্বল্প সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণমুখী রাষ্ট্র পরিচালনা।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতি কমানো, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, পাচার হওয়া অর্থ উদ্ধারের উদ্যোগ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয় সাশ্রয়ের মাধ্যমে সুশাসন নিশ্চিত করার প্রচেষ্টা চলছে।
এছাড়া আইনশৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ খাতে নেওয়া বিভিন্ন উদ্যোগও তুলে ধরা হয়। এর মধ্যে দ্রুত বিচার কার্যক্রম, উপজেলা হাসপাতালের সেবার সম্প্রসারণ, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের জন্য বৃত্তি বৃদ্ধি এবং প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের বিষয় উল্লেখ করা হয়।
মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী সাধারণ ও প্রটোকলহীন জীবনযাপনের মাধ্যমে জনগণের সঙ্গে সম্পৃক্ততার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার ভবিষ্যতেও একই নিষ্ঠা ও দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাবে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts