নিজস্ব প্রতিবেদক:

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের পদধারী ও সক্রিয় নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করার বিধান সংযোজনের প্রস্তাব দিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী।
নির্বাচন কমিশনের (ইসি) কাছে পাঠানো মতামতে দলটি বলেছে, সরকার যেসব রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে, সেসব দলের নেতা-কর্মীরা যেন নির্দলীয় প্রতীকের স্থানীয় সরকার নির্বাচনেও প্রার্থী হতে না পারেন, সে বিষয়ে আচরণ বিধিমালায় স্পষ্ট বিধান রাখা প্রয়োজন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার যেহেতু আইনের মাধ্যমে একটি দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে, তাই সেই নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগও থাকা উচিত নয়।
তবে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর দেওয়া সব প্রস্তাব একীভূত করে কমিশনের সামনে উপস্থাপন করা হবে। গ্রহণযোগ্য বিষয়গুলোই বিবেচনায় নেওয়া হবে। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ায় আইন অনুযায়ী যোগ্য ব্যক্তিরাই নির্বাচনে অংশ নিতে পারবেন।
নির্বাচন বিশ্লেষক আব্দুল আলীমের মতে, প্রার্থী হওয়ার যোগ্যতা বা অযোগ্যতা আচরণবিধির বিষয় নয়; এটি আইনের সঙ্গে সংশ্লিষ্ট। তাই আচরণবিধিতে এমন বিধান যুক্ত করার সুযোগ সীমিত।
এদিকে সরকারও এর আগে জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ায় আইনগত যোগ্যতা পূরণ করলে যে কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও ব্যক্তিগতভাবে যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বিদ্যমান আইনের আলোকেই সিদ্ধান্ত হবে।
এ ছাড়া জামায়াত স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী-এমপিদের প্রচারণা নিষিদ্ধ করা, ভোটকেন্দ্রে সংবাদকর্মীদের প্রবেশাধিকার নিশ্চিত করা, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে নীতিমালা প্রণয়ন, নারী সদস্যদের সরাসরি নির্বাচনের ব্যবস্থা এবং জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনের ভোটার নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার প্রস্তাবও দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts