ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নে নিখোঁজ পেঁয়াজ ব্যবসায়ী ইউসুফ ফকিরের (৪৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, চাঁদার টাকা না দেওয়ায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
শনিবার সকালে মমিনখার হাট সংলগ্ন একটি পাটক্ষেতের পাশে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ইউসুফ ফকির চরমাধবদিয়া এলাকার সহির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পেঁয়াজের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় অটোরিকশায় করে বাড়ির সামনে পৌঁছালেও তিনি আর বাসায় প্রবেশ করেননি। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিহতের শ্বশুর আজিজ খান দাবি করেন, ঘটনার একদিন আগে ইউসুফের কাছে ফোন করে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছিল। সেই টাকা না দেওয়ায় দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে তাদের ধারণা।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. মাহমুদুল হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts