আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ন্যায্য হিস্যা আদায়ে কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, বাংলাদেশ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা প্রত্যাশা করে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা: তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনারে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, পানি বণ্টনের ক্ষেত্রে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইনের অবস্থান রয়েছে। একই সঙ্গে দেশের জনগণের সমর্থন ও প্রত্যাশাও এ বিষয়ে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
পানি ইস্যুতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত যোগাযোগ ও কার্যকর সংলাপের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ লক্ষ্যে বাংলাদেশ ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে এবং ওই কমিটিতে আলোচনার জন্য ভারতীয় প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে।
দুই দেশের পানি বণ্টনসংক্রান্ত চুক্তির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতিনিধিরা ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করতে প্রস্তুত। এখন ভারতের পক্ষ থেকে জবাব পাওয়ার অপেক্ষা রয়েছে।
ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, শিগগিরই এ বিষয়ে জবাব পাওয়া যেতে পারে। এরপর দুই দেশের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার মাধ্যমে পরবর্তী পর্যায়ের পানি চুক্তি নবায়নের পথ তৈরি হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের নেতৃত্বের মধ্যে সহযোগিতার মানসিকতা থাকলে আলোচনার মাধ্যমেই পানি নিয়ে একটি বন্ধুত্বপূর্ণ সমাধানে পৌঁছানো সম্ভব। কূটনীতি ও সংলাপের মাধ্যমেই এ ধরনের বিরোধপূর্ণ বিষয় সমাধান করতে হবে।
তিনি আরও বলেন, পানি ভাগাভাগির ক্ষেত্রে আন্তর্জাতিক আইন বাংলাদেশের আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। দেশের স্বার্থ রক্ষা করে ন্যায্য পানি পাওয়ার বিষয়টি আলোচনায় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।