নিউজ প্রবাসী ডেক্স:
পাবনা সদর উপজেলার একটি বিলে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোবিন্দপুর এলাকার সোনাপাতি বিলে এ দুর্ঘটনা ঘটে।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, বৃষ্টির সময় বজ্রপাত শুরু হলে কয়েকজন একটি মাচাং ঘরে আশ্রয় নেন। পলিথিন দিয়ে তৈরি ওই ঘরে একটি চৌকিও ছিল। সেখানেই বজ্রপাতের ঘটনা ঘটে।
চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। নিহতরা কিশোর ও তরুণ বয়সী। আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ও আহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।