নিউজ প্রবাসী ডেস্ক

পিরোজপুরের নাজিরপুরে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও একাধিক দোকানে লুটপাটের ঘটনায় ৮৫৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় ১৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৭০০ জনকে আসামি করা হয়েছে।

মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মো. এনামুল হক লিটন বাদী হয়ে নাজিরপুর থানায় মামলাটি করেন।

মামলার এজাহারে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম নুরে আলম সিদ্দিকী শাহীন, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুলসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, গত ১৫ নভেম্বর দুপুর আড়াইটার দিকে উপজেলার মালিখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝনঝনিয়া টাওয়ার মোড় এলাকায় অবস্থিত ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থকদের একটি অংশের বিরুদ্ধে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটে জড়িত থাকার কথা বলা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা আগ্নেয়াস্ত্র, পেট্রোলবোমা, ককটেল, রামদা, বঁটিদা, লোহার রড, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে হামলা চালায়। এ সময় গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণের মাধ্যমে এলাকায় আতঙ্ক ছড়ানো হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বিএনপি কার্যালয় ও আশপাশের দোকানে অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। গত ২২ নভেম্বর মামলাটি নথিভুক্ত করা হয়। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

তবে মামলায় নাম থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো তদন্তাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts