নিউজ প্রবাসী ডেস্ক
দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। বর্তমানে ১২ হাজার ৫০০ টাকা মজুরি পাওয়া শ্রমিকদের বেতন নতুন কাঠামোয় বাড়ছে ৪ হাজার ৫০০ টাকা, যা প্রায় ৩৬ শতাংশ বৃদ্ধি। আগামী ১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের চতুর্থ সভায় দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হয়। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে মালিকপক্ষ সর্বশেষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাবে অবস্থান নেয়। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। রাত একটার পর বোর্ডের ছয় সদস্যের ভোটে চারজন ১৭ হাজার টাকার পক্ষে মত দেন। শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার প্রস্তাব সমর্থন করেন। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারিত হয়।
নতুন কাঠামোতে চতুর্থ গ্রেডের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা রাখা হয়েছে। এ ছাড়া তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৈঠকে মালিকপক্ষ প্রথমে ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব দিলেও পরে তা বাড়িয়ে ১৭ হাজার টাকা করে। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রাথমিক দাবি ছিল ৩২ হাজার টাকা। আলোচনা শেষে তারা ১৮ হাজার টাকার প্রস্তাবে অনড় থাকে।
এদিকে মজুরি নির্ধারণের দাবিতে বৈঠকের বাইরে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। তাদের দাবি ছিল, জীবনযাত্রার ব্যয় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারণ করতে হবে।
এর আগে মজুরি বোর্ডের চেয়ারম্যান দুই পক্ষের সঙ্গে পৃথকভাবে আলোচনা করে সমঝোতার চেষ্টা করেন। প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিনও মূল্যস্ফীতি ও শিল্পের সক্ষমতা বিবেচনায় ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তের প্রত্যাশা জানিয়েছিলেন।
উল্লেখ্য, নব্বইয়ের দশকের শুরুতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল ৬২৭ টাকা। ২০২৩ সালে তা ৫৬ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। সর্বশেষ সিদ্ধান্তে সেই মজুরি আরও ৪ হাজার ৫০০ টাকা বাড়ল।