নিউজ প্রবাসী ডেস্ক
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে এখনো মতৈক্য হয়নি। মালিকপক্ষ মাসিক সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব দিয়েছে। বিপরীতে শ্রমিক প্রতিনিধিরা ২২ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন। দুই পক্ষের প্রস্তাবে বড় ধরনের ব্যবধান থাকায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নিম্নতম মজুরি বোর্ড।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের চতুর্থ সভায় মজুরি নিয়ে দুই পক্ষের অবস্থান তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
এর আগে সোমবার অনুষ্ঠিত বোর্ডের তৃতীয় সভায় কয়েক দফা আলোচনার পর উভয় পক্ষ নিজেদের প্রস্তাব সংশোধন করে। প্রথমে মালিকপক্ষ ১৫ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিলেও পরে তা বাড়িয়ে ১৫ হাজার ৫০০ টাকা এবং সর্বশেষ ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দেয়।
অন্যদিকে শ্রমিকপক্ষের প্রাথমিক দাবি ছিল ৩২ হাজার টাকা। আলোচনার ধারাবাহিকতায় তা কমিয়ে প্রথমে ২৫ হাজার এবং পরে ২২ হাজার টাকায় নিয়ে আসে তারা।
বোর্ডের এক সদস্য জানান, দীর্ঘ সময় আলোচনা চললেও দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় সোমবার রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়। পরে মঙ্গলবার দুপুর ২টায় পুনরায় আলোচনা শুরু হয়।
সভায় গার্মেন্টস শিল্পের মালিক ও শ্রমিক প্রতিনিধিদের দেওয়া লিখিত প্রস্তাব পর্যালোচনা এবং বিভিন্ন শ্রেণির শ্রমিক-কর্মচারীর জন্য নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ তৈরির বিষয়টি আলোচনায় স্থান পায়।
বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। মালিকপক্ষের নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে তা বেড়ে দাঁড়াবে ১৫ হাজার ৭০০ টাকায়।
উল্লেখ্য, গত ১ নভেম্বর সরকার পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিজ নিজ মজুরি প্রস্তাব জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।
নিউজ প্রবাসী ডেস্ক