নিউজ প্রবাসী ডেস্ক

নেপালের কোশি প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সংঘটিত এ ভূকম্পনের প্রভাব নেপালের পাশাপাশি ভারত, বাংলাদেশ, ভুটান ও চীনের বিভিন্ন অঞ্চলেও অনুভূত হয়েছে।

ইউরোপিয়ান-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে। সংস্থাটির তথ্য অনুযায়ী, সকাল ৭টা ২ মিনিট ৪৭ সেকেন্ডে ৫ দশমিক ৩ মাত্রার কম্পনটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ২৭ দশমিক ৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভারতের মাঙ্গান শহর থেকে ৬৭ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে ছিল ভূমিকম্পটির কেন্দ্রস্থল।

ভূমিকম্পের পর ভারতের বিহার ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়ও কম্পন অনুভূত হয়। সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের একাধিক জেলায় ভূমিকম্পের প্রভাব পড়েছে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বাসিন্দারাও কম্পন অনুভব করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts