নিউজ প্রবাসী ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে ভারতের কয়েকটি গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, লালমনিরহাটের জনসভায় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী কোনো দেশের নাম উল্লেখ করেননি।
রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে ভারতের কয়েকটি সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। বক্তব্যে কোনো দেশের নাম না থাকলেও বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।
মুখপাত্র বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীরা’ বিশ্বের বিভিন্ন অঞ্চলে তৎপরতা চালাচ্ছে। তাদের সহিংস কর্মকাণ্ডে নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব কর্মকাণ্ড শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নয়, আন্তর্জাতিক পরিসরেও উদ্বেগ তৈরি করছে।
তিনি আরও বলেন, বিদেশে এ ধরনের কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং প্রবাসী বাংলাদেশিরাও নেতিবাচক পরিস্থিতির মুখে পড়ছেন। এ ধরনের হুমকি বিস্তৃত হওয়ার আগেই তা মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব রয়েছে।
এদিকে, শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। দুই দেশের অভিন্ন ইতিহাস, আত্মত্যাগ ও সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় দেশটি।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত।
এর আগে গত বৃহস্পতিবার লালমনিরহাটে এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবারও অগ্নিসংযোগ ও সহিংসতার রাজনীতি শুরু করেছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ২০২৪ সালের মতো দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকার পর সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়া একটি সন্ত্রাসী গোষ্ঠী আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সাম্প্রতিক সময়ে অগ্নিসংযোগ ও পেছন থেকে হামলা চালিয়ে মানুষ হত্যার মতো ঘটনা ঘটছে বলেও উল্লেখ করেন তিনি।
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।