নিউজ প্রবাসী ডেস্ক :

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় বায়েলসা রাজ্যে শেষকৃত্যের অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার সময় যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ যাত্রীর সংখ্যা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। রোববার (২২ নভেম্বর) দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

সংস্থাটির মুখপাত্র মানজো এজেকি জানান, গত শুক্রবার (২০ নভেম্বর) বায়েলসা রাজ্যের সাউদার্ন ইজাও এলাকায় আয়ামা থেকে উকুবিয়ে যাওয়ার পথে নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে সেটি ডুবে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।

পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ জানান, উদ্ধার হওয়া ২৪ জনের মধ্যে ১৯ জনকে স্থানীয় একটি ক্লিনিকে এবং বাকি পাঁচজনকে রাজ্যের রাজধানী ইয়েনাগোয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রের দাবি, নৌকাটিতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ছিলেন। এতে কয়েক শ মানুষ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর যাত্রীরা নৌকাটি তীরে ভেড়ানোর জন্য চালককে অনুরোধ করেছিলেন। তবে তিনি সেই অনুরোধে সাড়া দেননি। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান। এ ঘটনায় নৌকার ব্যবস্থাপককে আটক করেছে পুলিশ।

বায়েলসা রাজ্য সরকার নৌযান পরিচালনা ও যাত্রীদের নিরাপত্তায় নির্ধারিত নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে। রাজ্যের তথ্য কমিশনার এবিউউ কোকু-ওবিয়াই অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতিতে নৌযান চালানো এবং লাইফ জ্যাকেট ছাড়া চলাচল বন্ধের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, কোনো যাত্রাই মানুষের জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়।

নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনা প্রায়ই ঘটে। সংশ্লিষ্টদের মতে, নিরাপত্তাবিধি উপেক্ষা, ত্রুটিপূর্ণ নৌযান চলাচল, অতিরিক্ত যাত্রী বহন এবং লাইফ জ্যাকেটের ব্যবহার না থাকায় এসব দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts