নিউজ প্রবাসী ডেক্স :
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও তাঁর সহকারী একান্ত সচিব-২ আবদুর রহমান সানির নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে কাকন রানা নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম—সিটিটিসি ইউনিট।
রোববার জামালপুরের মাদারগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার ঢাকার আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের জন্য তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
সিটিটিসি জানিয়েছে, কাকন রানার ব্যবহৃত মোবাইল ফোনে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে তৈরি একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পাওয়া গেছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যক্তিকে মেসেজ দিয়ে সহযোগিতার আশ্বাস, ব্ল্যাকমেইল ও প্রতারণা করা হতো।
অপরাধের উদ্দেশ্য, এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং ব্যবহৃত ডিজিটাল ডিভাইস ও সিমকার্ড উদ্ধারে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।