নিউজ প্রবাসী ডেস্ক

গুগল প্লে স্টোরে অ্যাপ ও বিভিন্ন ডিজিটাল সেবা কেনাকাটায় অতিরিক্ত কমিশন আদায়ের অভিযোগে যুক্তরাজ্যে গুগলের বিরুদ্ধে ১০০ কোটি পাউন্ডের বেশি ক্ষতিপূরণ দাবি করে আইনি লড়াই শুরু হয়েছে। মামলায় দেশটির প্রায় দুই কোটি ভোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করা হচ্ছে।

মঙ্গলবার যুক্তরাজ্যের কম্পিটিশন আপিল ট্রাইব্যুনালে মামলাটির শুনানি শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত গুগল প্লে স্টোর বা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কেনাকাটা করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এ দাবির আওতায় রয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, প্লে স্টোরের মাধ্যমে অ্যাপ ও ডিজিটাল পণ্য বিক্রির ক্ষেত্রে ডেভেলপারদের কাছ থেকে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত কমিশন নেয় গুগল। এর ফলে বাড়তি খরচের চাপ শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর পড়ে এবং বিভিন্ন পণ্য ও সেবার দাম বেড়ে যায়।

পেইড অ্যাপ, ডেটিং ও ফিটনেস সেবা, মিউজিক এবং গেমের সাবস্ক্রিপশন, বিজ্ঞাপনমুক্ত সুবিধা চালু করা এবং বিভিন্ন ইন-গেম কেনাকাটাও মামলার দাবির আওতায় রয়েছে। গেমের অতিরিক্ত কয়েন, জেম, লাইফ বা পাওয়ার-আপ কেনার ক্ষেত্রেও একই ধরনের কমিশন নেওয়ার অভিযোগ করা হয়েছে।

মামলার উদাহরণ হিসেবে বলা হয়েছে, কোনো গেমার যদি ১০ পাউন্ড দিয়ে অতিরিক্ত সুবিধার জন্য ইন-গেম পণ্য কেনেন, তাহলে গুগল এর মধ্যে ৩ পাউন্ড পর্যন্ত কমিশন হিসেবে রেখে দিতে পারে। অভিযোগকারীদের দাবি, এ ধরনের কমিশনের আর্থিক প্রভাব শেষ পর্যন্ত পণ্যের মূল্য বাড়িয়ে ব্যবহারকারীদের ওপরই চাপানো হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে গুগল বলেছে, তাদের প্লে স্টোরে বাজারের অন্যতম কম ফি নেওয়া হয়। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র দাবি করেন, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অন্য মোবাইল প্ল্যাটফর্মের তুলনায় অ্যাপ ও অ্যাপ স্টোর বেছে নেওয়ার ক্ষেত্রে বেশি স্বাধীনতা রয়েছে। প্রতিযোগিতামূলক বাজারের বাস্তবতা মামলায় যথাযথভাবে বিবেচনা করা হয়নি বলেও দাবি করেছে গুগল। প্রতিষ্ঠানটি আদালতে নিজেদের অবস্থানের পক্ষে জোরালোভাবে লড়াই করার কথা জানিয়েছে।

ভোক্তা প্রযুক্তি নীতি বিশেষজ্ঞ ও ‘সিটিজেন্স অ্যাডভাইস’-এর সাবেক ব্যবস্থাপক লিজ কলের উদ্যোগে মামলাটি করা হয়েছে। এটি পরিচালনা করছে আইন প্রতিষ্ঠান ‘হাউসফিল্ড’।

২০১১ সালে নয়, বরং ২০২১ সালেই এ বিষয়ে প্রাথমিক আইনি কার্যক্রম শুরু হয়েছিল। তবে বিভিন্ন দাবির নিষ্পত্তি ও সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার কারণে মামলাটি দীর্ঘসূত্রতায় পড়ে। এরই মধ্যে গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যের অ্যাপ ডেভেলপারদের একটি পৃথক ক্লাস অ্যাকশন নিষ্পত্তিতে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ২৬ কোটি পাউন্ড দেওয়ার বিষয়ে সম্মত হয়।

অ্যাপলের বিরুদ্ধেও যুক্তরাজ্যে একই ধরনের মামলা হয়েছিল। গত বছর দেশটির কম্পিটিশন আপিল ট্রাইব্যুনাল রায় দেয়, অ্যাপ বিক্রি ও অ্যাপের ভেতরের কেনাকাটায় প্রায় ৩০ শতাংশ কমিশন আরোপ করে অ্যাপল বাজারে নিজের প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করেছে।

মামলার অন্যতম উদ্যোক্তা লিজ কল বলেন, ফোনে অ্যাপ, গেম ও বিভিন্ন সাবস্ক্রিপশনে অর্থ খরচ করলেও অনেক ব্যবহারকারী জানতেন না যে ওই মূল্যের সঙ্গে অতিরিক্ত কমিশন বা চার্জ যুক্ত ছিল। নিয়মিত ফোন ও অ্যাপ ব্যবহারকারীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত পাওয়াই এই আইনি উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।

হাউসফিল্ডের অংশীদার লেসলি হানার অভিযোগ, গুগল দীর্ঘ সময় ধরে বাজারে নিজেদের অবস্থান কাজে লাগিয়ে বড় অঙ্কের কমিশন আদায় করেছে। এর আর্থিক চাপ শেষ পর্যন্ত ভোক্তাদেরই বহন করতে হয়েছে বলে দাবি করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts