
নিউজ প্রবাসী ডেক্স :
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিক থেকে হওয়া বিস্ফোরণে দগ্ধ গৃহকর্তা মো. কালাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, ৩৫ বছর বয়সী কালামের শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। একই ঘটনায় দগ্ধ তার স্ত্রী সায়মা ও তিন সন্তান এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
রোববার সকালে ফতুল্লার গিরিধারা এলাকায় নিজ বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ধারণা, রান্নাঘরের গ্যাস লাইনে লিকেজ থাকায় ঘরে গ্যাস জমে ছিল। পরে আগুনের সংস্পর্শে এলে বিকট বিস্ফোরণ ঘটে।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান। নিহত কালাম পেশায় সবজি বিক্রেতা ছিলেন এবং পরিবার নিয়ে ওই বাসাতেই বসবাস করতেন।
এদিকে একই এলাকায় সোমবার সকালে আরও একটি গ্যাস বিস্ফোরণের ঘটনায় তিন সন্তানসহ এক বাবা দগ্ধ হয়েছেন। তাদেরও গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।