নিউজ প্রবাসী ডেক্স :
মার্কিন বিমান হামলা অব্যাহত থাকলে পাল্টা সামরিক কৌশলে বড় পরিবর্তন আনার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির শীর্ষ সামরিক নেতৃত্ব জানিয়েছে, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে শুধু পাল্টা জবাব নয়, বরং আরও বিস্তৃত ও আক্রমণাত্মক অভিযান পরিচালনা করা হবে।
ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মহসেন রেজায়ির বরাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, আগামী কয়েকদিন যুক্তরাষ্ট্রের হামলা চলতে থাকলে ইরান নতুন সামরিক পর্যায়ে প্রবেশ করবে। তার দাবি, তখন কোনো সীমান্তই নিরাপদ থাকবে না এবং হামলার পরিধি আরও বিস্তৃত হতে পারে।
এদিকে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত ইরানে মার্কিন হামলায় অন্তত আটজন নিহত হওয়ার তথ্য দিয়েছে তেহরান। এর জবাবে বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, জর্ডান ও সিরিয়ায় মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ইরানের হামলার প্রভাব ইতোমধ্যে উপসাগরীয় অঞ্চলেও পড়েছে। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, একটি বিদ্যুৎ উৎপাদন ও পানি শোধনাগার স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে সেখানে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হলেও নাগরিকদের বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছে সরকার।
বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলের পানি শোধনাগার ও জ্বালানি অবকাঠামোতে হামলা অব্যাহত থাকলে তা মানবিক ও অর্থনৈতিক সংকট আরও তীব্র করে তুলতে পারে।
অন্যদিকে, পারস্য উপসাগরে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র যে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে, সেই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে তেহরান। সংঘাতের জেরে ইরানের বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র যাচাইয়ের কাজ চলছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।