নিউজ প্রবাসী ডেক্স:
ফরিদপুর সদর উপজেলার করিমপুর হাইওয়ে থানার পাশে পুলিশের হেফাজতে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে থানার সামনের খোলা মাঠে এ ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে থানার ওসি আবদুস সালাম জানান, রাত ১০টা ২৭ মিনিটের দিকে বাসে আগুন লাগার খবর পান তারা। ঘটনাস্থলে গিয়ে বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়।
ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শ্রীবাস বাড়ৈ জানান, রাত ১০টা ৩৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাতের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। কয়েল, সিগারেটের আগুন, কেউ আগুন ধরিয়ে দেওয়া কিংবা অন্য কোনো কারণ থেকেও আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান তিনি। তদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর মধুখালী উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মেছড়দিয়া মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়ে পূর্বাশা পরিবহনের বাসটি। মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ময়দার বস্তাবোঝাই একটি ট্রাকের পেছনে বাসটি ধাক্কা দিলে এর সুপারভাইজার নিহত হন। এরপর দুর্ঘটনার আলামত হিসেবে বাসটি করিমপুর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রাখা হয়।
পুলিশ জানায়, করিমপুর হাইওয়ে থানা কয়েক মাস আগে নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। নতুন স্থানের অবকাঠামোগত কাজ পুরোপুরি শেষ না হওয়ায় জব্দ করা যানবাহনগুলো থানার সামনের মহাসড়কসংলগ্ন খোলা মাঠে রাখা হচ্ছে। মাঠটির চারপাশে সীমানাপ্রাচীরও নেই।
ওসি আবদুস সালাম বলেন, সীমানাপ্রাচীর থাকলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হতে পারত। বাসে আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts