নিউজ প্রবাসী ডেক্স  :
দীর্ঘ বিরতির পর আবারও নৌকার ছন্দে মুখর হয়ে উঠল ফরিদপুরের ভাঙ্গার কুমার নদ। প্রায় ১৫ বছর পর শুক্রবার বিকেলে নদটিতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে দুই তীরে জড়ো হন বিপুলসংখ্যক মানুষ। নারী, পুরুষ, শিশু ও বয়োজ্যেষ্ঠদের উপস্থিতিতে নদীপাড় পরিণত হয় উৎসবের মিলনমেলায়।
বেলা ৩টার পর শুরু হওয়া প্রতিযোগিতায় ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা ১৮টি নৌকা অংশ নেয়। নৌকাগুলোর ছুটে চলা, মাঝি-বৈঠিয়ালদের সমন্বিত বৈঠার আঘাত এবং দর্শকদের উচ্ছ্বাসে পুরো কুমার নদজুড়ে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ।
নৌকা বাইচের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। এ সময় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মীয়াজি এবং জেলা পরিষদের প্রশাসক আবজাল হোসেন খান পলাশ উপস্থিত ছিলেন।
দুপুরের পর থেকেই দূর-দূরান্ত থেকে মানুষ হেঁটে, মোটরসাইকেল, ইজিবাইক ও অটোরিকশায় করে নদীর পাড়ে আসতে থাকেন। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে নৌকা বাইচ উপভোগ করেন। কেউ আবার মোবাইল ফোনে ধারণ করেন প্রতিযোগিতার দৃশ্য।
আয়োজনকে ঘিরে ভাঙ্গা বাজার ও আশপাশের এলাকায় বসেছে প্রায় ১৫ দিনব্যাপী গ্রামীণ মেলা। বিভিন্ন পণ্যের দোকানের পাশাপাশি মেলায় রয়েছে নানা ধরনের বিনোদনের আয়োজন। ফলে নৌকা বাইচকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, বিশ্বকর্মা পূজা উপলক্ষে কুমার নদে দীর্ঘদিন ধরে নৌকা বাইচের আয়োজন হয়ে আসছিল। নানা কারণে কয়েক বছর ধরে এ আয়োজন বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর আবার বাইচ হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশ, র‍্যাব ও আনসারের পাশাপাশি ফায়ার সার্ভিস, মেডিকেল টিম ও ডুবুরি দল দায়িত্ব পালন করে। ভাঙ্গা পৌরসভার সামনে দুটি বড় ডিজিটাল স্ক্রিনে বাইচ সরাসরি দেখানোর ব্যবস্থাও করা হয়।
বাইচ শেষে প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৮টি নৌকাকেই আয়োজক কমিটির পক্ষ থেকে উপহার দেওয়া হয়।
সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, নৌকা বাইচ ভাঙ্গাবাসীর উৎসব। দীর্ঘদিন পর এ আয়োজন ফিরে আসায় মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, নৌকা বাইচ গ্রামবাংলার পুরোনো ঐতিহ্যের অংশ। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে লোকজ সংস্কৃতিকে ধরে রাখা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts