নিউজ প্রবাসী ডেক্স:

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে জায়গা করে নিতে কঠিন সমীকরণের মুখে পড়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হারের পর এখন আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পাওয়ার পাশাপাশি নেট রান রেটের হিসাবও মেলাতে হবে টাইগারদের।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এই সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে ৯৯ রানের বড় ব্যবধানে পরাজয়ের পাশাপাশি দলের নেট রান রেট নেমে আসে মাইনাস ১.৯৮০-এ।

অন্যদিকে, ১৯ অক্টোবর জিম্বাবুয়েকে ১৫৮ রানে হারিয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে আফগানিস্তান। ফলে ফাইনালে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশের সামনে এখন বড় ব্যবধানে জয়ের চ্যালেঞ্জ।

আগামী ২১ অক্টোবর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনালে ওঠার সম্ভাবনা ধরে রাখতে হলে আগে ব্যাটিংয়ের ক্ষেত্রে অন্তত ৪১ রানের ব্যবধানে জয় পেতে হবে দলকে। এতে নেট রান রেটের উন্নতি ঘটিয়ে প্রতিযোগিতায় টিকে থাকার সুযোগ তৈরি হতে পারে।

তবে পরে ব্যাটিং করলে হিসাব নির্ভর করবে আফগানিস্তানের দেওয়া লক্ষ্যের ওপর। প্রকাশিত সমীকরণ অনুযায়ী, ২০০ রানের লক্ষ্য পেলে ৪০.২ ওভারের মধ্যে জিততে হবে বাংলাদেশকে। ২২০ রানের লক্ষ্য তাড়া করতে হবে ৪০.৫ ওভারে, ২৪০ রানের লক্ষ্য হলে ৪১.১ ওভারে এবং ২৫০ রানের লক্ষ্য পেলে ৪১.৩ ওভারের মধ্যে জয় নিশ্চিত করতে হবে।

একই হিসাবে ২৬০ রানের লক্ষ্য ৪১.৪ ওভারে, ২৭০ রানের লক্ষ্য ৪১.৫ ওভারে, ২৮০ রানের লক্ষ্য ৪২ ওভারে এবং ৩০০ রানের লক্ষ্য ৪২.২ ওভারের মধ্যে অতিক্রম করতে হবে।

তিন দলের এই সিরিজে প্রতিটি দল লিগ পর্বে অন্য দুই দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলছে। লিগ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে। আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা শিরোপা নির্ধারণী ম্যাচ।

ফলে ফাইনালের আশা টিকিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই কার্যকর পারফরম্যান্স দেখাতে হবে বাংলাদেশকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts