নিউজ প্রবাসী স্পোর্টস ডেস্ক ॥
২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। তবে দলীয় লড়াইয়ের পাশাপাশি ফুটবলপ্রেমীদের দৃষ্টি থাকবে দুই তারকা কিলিয়ান এমবাপে ও লামিন ইয়ামালের ব্যক্তিগত দ্বৈরথের দিকেও।
বিশ্বকাপে এই প্রথম একে অপরের বিপক্ষে মাঠে নামছেন এমবাপে ও ইয়ামাল। এর আগে জাতীয় দল ও ক্লাব ফুটবল মিলিয়ে ১০ বার মুখোমুখি হয়েছেন তারা। সেই লড়াইয়ে জয়ের হিসাবে এগিয়ে রয়েছেন স্প্যানিশ তরুণ ইয়ামাল। তবে গোলের হিসেবে এগিয়ে আছেন ফরাসি অধিনায়ক এমবাপে।
জাতীয় দলের হয়ে দুইবারের সাক্ষাতে দুবারই জয় পেয়েছে স্পেন। ২০২৪ ইউরো এবং ২০২৫ উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে ফ্রান্সকে হারানোর ম্যাচে ইয়ামালের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।
অন্যদিকে ক্লাব ফুটবলে পিএসজি ও বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ লড়াইয়ে এমবাপে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। পরে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর বার্সেলোনার বিপক্ষে কয়েকটি ক্লাসিকোতেও দুই তারকার প্রতিদ্বন্দ্বিতা ফুটবলপ্রেমীদের বাড়তি আকর্ষণ জুগিয়েছে।
চলতি বিশ্বকাপে এমবাপে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ আট গোল করেছেন। অন্যদিকে ইয়ামাল একটি গোল করলেও তার নৈপুণ্য ও সৃজনশীল পারফরম্যান্সে স্পেন সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে এবারও দুই তারকার দ্বৈরথই হতে পারে ম্যাচের অন্যতম আকর্ষণ।